
নিজস্ব প্রতিনিধি
জেলা সদরে আজ দুইহাজার পিস ‘ইয়াবা’ ট্যাবলেট সহ সোহরাব হোসেন (৫০) নামের একব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে দিনাজপুর পৌরসভার চারনম্বর ওয়ার্ডের উত্তর গোশাইপুরে জেলা ট্রাক ও ট্রাকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে পুলিশ সুপার মিডিয়া সেল সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত বাস চালক সোহরাব হোসেন দিনাজপুর সদর উপজেলার বরাইপুর গ্রামের বাসিন্দা। তিনি শ্যামলী পরিবহনে কোচের চালক হিসেবে কর্মরত ছিলেন।
ডিবি পুলিশের পরিদর্শক মো. আলমগীর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের উত্তর গোশাইপুরে দিনাজপুর-দশমাইল মহাসড়কে জেলা ট্রাক ও ট্রাকলরি শ্রমিক ইউনিয়ন ভবনের সামনে অভিযানকালে হাতে থাকা একটি ব্যাগে দু’টি প্লাস্টিকে মোড়ানো প্যাকেটের ভেতরে কুড়িটি নীল জিপার পলিব্যাগে এসব ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি জানান, এ ঘটনায় শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় ডিবি পুলিশ বাদী হয়ে সোহরাব হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন নবী জানান, আটক ব্যক্তিকে আজ শুক্রবার সন্ধ্যার মধ্যে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
সূত্র:বাসস

