
মোঃ পারভেজ ,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আয়োজিত এক সভায় সাংবাদিকদের একটি সুনির্দিষ্ট তালিকা প্রণয়নের দাবি জানানো হয়েছে। সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আহমেদ আবু জাফর বলেন, পেশাদার সাংবাদিকদের তালিকা তৈরির উদ্যোগকে ঘিরে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তালিকা প্রণয়ন হলে সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ন হতে পারে—এমন যুক্তি তুলে উদ্যোগটিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পটিয়া ক্লাবে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আয়োজিত সভা এবং পত্রিকা হকার ও বন্যাদুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি দ্রুত সাংবাদিকদের তালিকা প্রণয়ন ও প্রকাশের আহ্বান জানান।
পটিয়া উপজেলা বিএমএসএফের সভাপতি এস.এম.এ.কে. জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম. জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএমএসএফের সভাপতি, কেন্দ্রীয় সহ-সভাপতি ও পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান এবং কেন্দ্রীয় সহ-সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া।
এ সময় আরও বক্তব্য রাখেন ফারুকুর রহমান বিনজু, সৈয়দ শিবলী সাদিক কফিল, ওমর ফারুক, আবুল হোসাইন, নুরুল ইসলাম, কামরুল ইসলাম, আক্তার হোসাইন, এস. এম. পারভেজ এবং মকসুদুল আলম।

