
মোঃ মোনাহার মিয়া
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ জাহাঙ্গীর হাবিব। তিনি বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মেরুরচর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রার্থী হওয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে জাহাঙ্গীর হাবিব বলেন, “নির্বাচিত হলে আমি ৩ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
সামাজিক অপরাধ ও ব্যাধি প্রতিরোধের বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডে বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকা থেকে মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা ও কর্মসংস্থানে উৎসাহিত করা এবং পরিবারভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার কথা জানান তিনি।
জাহাঙ্গীর হাবিব আরও জানান, তিনি ইতোমধ্যে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দিনরাত গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়াও পাচ্ছেন। ওয়ার্ডের উন্নয়ন ও পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে তিনি আসন্ন নির্বাচনে দল-মত নির্বিশেষে এলাকার সকল স্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

