
মোঃ হাসান আলী,
নওগাঁ শহরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ইউসুফ (৪৫) নামের এক কলেজ শিক্ষক মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে স্কুটিতে করে কর্মস্থল জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে রওনা দেন শিক্ষক আ ত ম ইউসুফ। পথে দয়ালের মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির ধাক্কা লাগে।
এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে যান এবং
এ সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শহরের মুক্তির মোড়ের দিকে আসা দ্রুতগতির একটি বিআরটিসি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

