
মাসুম বিল্লাহ:
খুলনার শিববাড়ী মোড়ে দৃষ্টিনন্দন বহুমাত্রিক আধুনিক জিয়া হল নির্মাণ, গল্লামারী ব্রিজের কাজ দ্রুত সম্পন্ন করা এবং শিপইয়ার্ড সড়ক ও সোনাডাঙ্গা বাইপাস সড়ক টেকসই ও মানসম্মতভাবে নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সংগঠনের সভাপতি শেখ আশরাফ উজ জামানের সভাপতিত্বে এবং মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় মানববন্ধনে খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন ও সর্বস্তরের জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিভাগীয় শহর হিসেবে খুলনা দীর্ঘদিন ধরে নানা মৌলিক অধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আসছে। আন্দোলন-সংগ্রাম ছাড়া খুলনার কোনো দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই দলমত নির্বিশেষে খুলনাবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সব বঞ্চনার অবসান ঘটাতে হবে। দীর্ঘদিন ধরে জিয়া হল ভেঙে ফেলে রাখা হয়েছে উল্লেখ করে বক্তারা অবিলম্বে আধুনিক নকশায় এর নির্মাণকাজ শুরু করার জোর দাবি জানান। এছাড়া খুলনার বন্ধ শিল্প-কলকারখানা চালু, বিমানবন্দর নির্মাণ, পাইপলাইনে গ্যাস সরবরাহ এবং মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির দাবিও উত্থাপন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন— খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, খুলনা সিটি কলেজের সাবেক নির্বাচিত ভিপি, খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ।
আরও উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. নিজামউর রহমান লালু, যুবদলের সুলতান মাহমুদ সুমন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ নাসির উদ্দিন, গণঅধিকার পরিষদের নেতা এইচ এম তাজুল ইসলাম, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, বিশিষ্ট নারী নেত্রী অধ্যক্ষ রেহানা আক্তার, সাবেক কাউন্সিলর মামনুরা জাকির খুকুমনি, নাগরিক ফোরামের মহাসচিব এস এম ইকবাল হাসান তুহিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শেখ সারাফাত আলী দুলু, খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আলী, কেডিএস-এর সভাপতি আব্দুস সালাম আকন শিমুল, সাধারণ সম্পাদক মো. সবুর মোড়ল, ‘আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক কচি, খুলনাস্থ বৃহত্তর চট্টগ্রাম সমিতির আহবায়ক আল জামাল ভূঁইয়া, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (কেএমইউজে) সভাপতি মো. রাশেদুল ইসলাম।
এছাড়াও উন্নয়ন কমিটির সহ-সভাপতি মিনা আজিজুর রহমান, সাংবাদিক অধ্যাপক মো. আবুল বাসার, মো. খলিলুর রহমান, যুগ্ম মহাসচিব মো. মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি।

