
ডেভিড সাহা, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার লামা হাইস্কুল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে লামা থানা পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে লামা হাইস্কুলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লামা থানার এসআই মেহেদী হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি দোকান থেকে বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, মৃত ইয়াকুব আলীর ছেলে সামশু আলম (২৬)-কে ১ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশের দাবি, আটক সামশু আলম দীর্ঘদিন ধরে বমুবিলছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া হাইস্কুল সড়ক এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে যুবসমাজকে বিপথে পরিচালিত করার অভিযোগ রয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

