
আল আমিন খান সানি-বারহাট্টা উপজেলা নেত্রকোনা :
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নেত্রকোনার কৃতি সন্তান এটিএম আব্দুল বারী ড্যানি।বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (সংশোধন) আইন ২০১৫-এর ধারা ৭(১) অনুযায়ী এটিএম আব্দুল বারী ড্যানিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য তিনি গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই পদে দায়িত্ব পালন করবেন।
নেত্রকোনার সন্তান বিআইডব্লিউটিসি-এর মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় বারহাট্টাসহ পুরো জেলায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

