
হামিদুর রহমান সবুজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (২২ জুলাই) চিটাগাং রোড ও মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ মে সকালে জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী মালঞ্চ পরিবহনের একটি বাস সিদ্ধিরগঞ্জের সানারপাড় ইউটার্ন এলাকায় পৌঁছালে ৭-৮ জন মোটরসাইকেল আরোহী বাসটির গতিরোধ করে। এ সময় তারা বাসের চালক আমিনুল ইসলাম ও হেলপার নজরুল ইসলামকে মারধর করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৫০০ টাকা, প্রায় ২৮ হাজার টাকা মূল্যের একটি স্পেয়ার চাকা, গাড়ির কাগজপত্র এবং একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
পরে বাসের পরিচালক গোলাম মোস্তফা রানা বিষয়টি জানতে পেরে সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২৯ মে কাগজপত্র ফেরত দেওয়ার কথা বলে চক্রটি বিকাশের মাধ্যমে আরও ৬ হাজার টাকা আদায় করে।
মামলা দায়েরের পর পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির একটি দল অভিযান চালিয়ে সাখাওয়াত হোসেন সৈকত (৪০), সেন্টু (৪০), রবিন (৩৫) ও ইউসুফ (২৬) নামে চারজনকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে সাখাওয়াতের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও দস্যুতাসহ ছয়টি, রবিনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ ছয়টি, ইউসুফের বিরুদ্ধে দুটি এবং সেন্টুর বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পরিবহন চাঁদাবাজ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের সড়ক ও মহাসড়কে যানবাহনের গতিরোধ করে চালক-হেলপারদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

