
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
পরিবেশ সংরক্ষণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য কুলাউড়া গড়ে তোলার লক্ষ্য নিয়ে “সবুজ কুলাউড়া অভিযান–২০২৬” এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
Dream IELTS Academy (রবিরবাজার শাখা) এবং লাইফলাইন ব্লাড ফাউন্ডেশন, কুলাউড়ার যৌথ উদ্যোগে মঙ্গলবার কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানে জানানো হয়, এ কর্মসূচির আওতায় কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন কলেজ, মাদ্রাসা, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মসজিদ প্রাঙ্গণে মোট ৪০০টি উন্নত মানের ফলজ বৃক্ষের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও শিশুদের পুষ্টি ও উপকার নিশ্চিত হবে বলে আয়োজকদের প্রত্যাশা।
কর্মসূচির বাস্তবায়ন ও নেতৃত্ব দেন লিংকন তালুকদার এবং নাজির ছবরী হাম্মা। সার্বিক সমন্বয়ে দায়িত্ব পালন করেন রাহিন, সাদ্দাম, রোজিনা আক্তার, সাকিব ও দেলোওয়ার।উন্নত মানের ফলজ গাছের চারা সরবরাহ করেছে ঈগল নার্সারী অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন।আয়োজকরা জানান, “একটি গাছ, একটি প্রাণ,সবুজ হোক কুলাউড়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।

