
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ে উদ্বেগজনক হারে বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার। একটি স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে সহজে অর্থ উপার্জনের প্রলোভনে জেলার শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত তরুণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী এমনকি মধ্যবয়সীরাও জড়িয়ে পড়ছেন বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ ও ক্যাসিনোভিত্তিক জুয়ার সঙ্গে। শুরুতে সামান্য লাভের আশ্বাস পেলেও শেষ পর্যন্ত অনেকেই নিঃস্ব হয়ে ঋণগ্রস্ত, মানসিকভাবে বিপর্যস্ত এবং আত্মহত্যার মতো মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে যাচ্ছেন। স্থানীয়দের মতে, এটি এখন আর ব্যক্তিগত সমস্যা নয়, বরং একটি বড় সামাজিক সংকটে পরিণত হয়েছে।
সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ঘটনা সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি ভূজারীপাড়া গ্রামের ২০ বছর বয়সী নাহিদ রানার মৃত্যু। পরিবারের দাবি, প্রথমদিকে অনলাইন জুয়ায় কয়েকবার অর্থ জেতায় তিনি আরও বেশি বিনিয়োগে উৎসাহিত হন। কিন্তু অল্প সময়ের মধ্যেই বড় অঙ্কের অর্থ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। দীর্ঘদিন পরিবারের কাছে বিষয়টি গোপন রাখার পর প্রায় দুই মাস আগে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত স্বজনদের আহাজারি এখন এলাকাজুড়ে।

