
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়ায় ক্যান্সারে আক্রান্ত দুই অসহায় পরিবারের চিকিৎসা ব্যয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে মাওঃ শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন। মানবিক এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার ২০ জুলাই সদর ইউনিয়নের করের গ্রামের সুমত মালাকার ও কুলাউড়া পৌরসভার বাসিন্দা মানিক মিয়ার হাতে চিকিৎসা সহায়তা বাবদ মোট ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ ইজাজ আলী উপকারভোগীদের হাতে এ অনুদান তুলে দেন। তিনি বলেন, সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেন, দেশের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, আমাদের পত্রিকার প্রতিনিধি মো. সামসু উদ্দিন বাবু, ভোরের পাতার প্রতিনিধি রুবেল বখস পাভেল, বিডি লাইন ২৪-এর পরিচালক আবরার শাহরিয়ার চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
স্থানীয়রা ফাউন্ডেশনের এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

