
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিত্যক্ত গোডাউনের ভেতরে মাদক সেবনের সময় ৬ মাদকসেবীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরও একজন কৌশলে পালিয়ে গেছে।
শনিবার (১৮ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বাজার সংলগ্ন পরিত্যক্ত একটি গোডাউনে এ অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।
আটককৃতরা হলেন— মোঃ আপেল মাহমুদ প্রধান (২৯), মোঃ রাজিব শেখ (২১), মোঃ নাজমুল সরকার (২০), মোঃ শাকিল সরকার (২৮), মোঃ মারুফ প্রধান (২১) এবং মোঃ শিহাব সরকার (২০)। তারা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া পলাতক আসামীর নাম মোঃ সুমন (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম গোবিন্দগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযানে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নাকাইহাট বাজার সংলগ্ন কৃষি বিপণন অধিদপ্তরের পরিত্যক্ত শষ্য গুদামের ভেতরে কয়েকজন মাদক ব্যবসায়ী ও সেবনকারী অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৬ জনকে আটক করা হয়। এ সময় তাদের সহযোগী মো. সুমন কৌশলে জানালা দিয়ে পালিয়ে যায়। পরে ধৃত আসামী আপেল মাহমুদ প্রধানের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জাম হিসেবে ১০ পিস ফুয়েল পেপার, ৬ পিস ইয়াবা সেবনের পাইপ এবং ৬টি প্লাস্টিকের কর্ক জব্দ করা হয়।

