
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
মৌলভীবাজারের কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধিত হয়েছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শওকতুল ইসলাম শকু। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত ও সার্বিক উন্নয়নের জন্য ৩ লাখ টাকা নগদ অনুদান দেওয়ার ঘোষণা দেন।
রোববার ১৯ জুলাই বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এনামুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী খাদিজা আক্তার নিছা এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী সেমা সূত্রধর। পরে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. শওকতুল ইসলাম শকু বলেন, একটি জাতির অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে শিক্ষা খাতের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে ৩ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, একাডেমি সুপারভাইজার শফিকুর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন, কুলাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কায়ছার আরিফ এবং ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু।
শুভেচ্ছা বক্তব্য দেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, সমাজসেবক মুহিব আলী, সমাজসেবক আব্দুল ওয়াহিদ, সহকারী শিক্ষক সুমন আহমদ নিয়াজী এবং সহকারী শিক্ষিকা ফারজানা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের কুলাউড়া প্রতিনিধি মইনুল হক পবন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, দৈনিক কালবেলার কুলাউড়া প্রতিনিধি মহিউদ্দিন রিপন, দৈনিক আমাদের পত্রিকার কুলাউড়া প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক জন জাগরণের কুলাউড়া প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

