
জুলফিকার আলী জুয়েলঃ
গাজীপুরের কোনাবাড়ীতে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক মো. খাইরুল ইসলামের (৪০) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে কোনাবাড়ীর আমবাগ এলাকার ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন মাদ্রাসাতুল আবরার কোনাবাড়ী বালিকা শাখায় এ ঘটনা ঘটে। ওই সময় মাদ্রাসার এক ১১বছর বয়সী শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত খাইরুল ইসলাম সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার কাঠালিয়া এলাকার মফিজুল রহমান ও আলেয়া বেগমের ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত।
এদিকে, একই শিক্ষকের বিরুদ্ধে এর আগে ওই মাদ্রাসায় কর্মরত এক নারী কর্মীকে ধর্ষণের চেষ্টার অভিযোগও উঠেছিল বলে জানা গেছে। ওই ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে অর্থদণ্ড করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্ত মো. খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

