
দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে পানিতে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মজিবর রহমানের একমাত্র ছেলে।
আজ আনুমানিক দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ ত ঘোষণা করেন।
একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এলাকাজুড়েও বিরাজ করছে গভীর শোক।বর্ষা মৌসুমে পুকুর, ডোবা ও জলাশয়ে পানির পরিমাণ বেড়ে যায়। তাই ছোট শিশুদের কখনোই একা খেলতে না দিয়ে সর্বদা অভিভাবকদের কড়া নজরদারিতে রাখার আহ্বান জানানো হচ্ছে। একটু সচেতনতাই বাঁচাতে পারে একটি নিষ্পাপ প্রাণ।

