
সাকিব হাসান নাইম
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মো. আল মুক্তাদির আলভী প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে উপজেলায় তৃতীয় স্থান লাভ করেছে। একই সঙ্গে বিদ্যালয় থেকে একমাত্র ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠানটির জন্যও গৌরব বয়ে এনেছে।
মধ্যবিত্ত পরিবারের সন্তান আলভীর এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে।
রাণীগঞ্জ ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মো. খোরশেদ আলম বলেন, “আলভী অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ রয়েছে। সে সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করে, আর সেই আন্তরিকতার ফলই আজকের এই অর্জন।”
আলভীর বাবা ডা. মো. এমদাদুল হক এবং মা মোছা. মিরা বেগম এর পরিবারের বড় সন্তান আলভী। শিক্ষিত পারিবারিক পরিবেশে বেড়ে ওঠায় ছোটবেলা থেকেই তার মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও আত্মনিবেদন তৈরি হয়েছে। ছেলের এই কৃতিত্বে তারা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. মামুনুর রশীদ বলেন, “আল মুক্তাদির আলভী একজন মেধাবী, ভদ্র ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি আমাদের বিদ্যালয়ের জন্যও অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমরা আশাবাদী।”
নিজের অনুভূতি জানিয়ে আলভী বলে, ভবিষ্যতে আরও ভালো ফলাফল করে উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চায়।
আল মুক্তাদির আলভীর এই কৃতিত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সবাই তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।

