
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
তৃণমূলের প্রকৃত কৃষকদের দোরগোড়ায় সরকারি সুবিধা পৌঁছে দিতে চট্টগ্রামের পটিয়ায় শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের সার্বিক তত্ত্বাবধানে প্রথম কৃষিকার্ড তত্ব উপাত্ব সংগ্রহের কার্যক্রমের পুরোদমে এগিয়ে চলছে।
এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে পটিয়ার কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কৃষকদের তথ্য-উপাত্ত সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে কচুয়াই হাবিবিয়া দাখিল মাদ্রাসার অডিটোরিয়ামে এক উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন হয়।
তথ্য-উপাত্ত সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ইসহাক সওদাগর, পটিয়া উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ইউসূফ তালুকদার, কচুয়াই ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব জাহেদুল ইসলাম এবং কচুয়াই ইউনিয়ন যুবদল নেতা নাছির উদ্দীন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ সওদাগর, ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি জসিম উদ্দিন হিরু, ১ নম্বর ওয়ার্ড কৃষকদলের সহ-সভাপতি তৌহিদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। পটিয়ার বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, “পটিয়াবাসী একজন অত্যন্ত মানবিক ও জনবান্ধব এমপি পেয়েছেন, যার দৃষ্টান্ত অতুলনীয়। তাঁরই যোগ্য নেতৃত্বে পটিয়ার প্রতিটি সাধারণ মানুষের দোরগোড়ায় আজ অধিকার ও রাষ্ট্রীয় সেবা পৌঁছে যাচ্ছে।”
এদিকে উপকারভোগী কৃষকরা জানান, “বিগত ১৭টি বছর আমরা সম্পূর্ণ অবহেলিত ও বঞ্চিত ছিলাম, কোনো সুযোগ-সুবিধা পাইনি। বর্তমান সরকার ও আমাদের প্রিয় এমপি আলহাজ্ব এনামুল হক এনাম যেভাবে আমাদের মূল্যায়ন করে কৃষি কার্ডের ব্যবস্থা করে দিচ্ছেন, তা আমাদের মতো মেহনতি মানুষের মুখে হাসি ফুটিয়েছে। এটি সত্যিই আমাদের জন্য এক বিরাট ভাগ্যের বিষয়।

