
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে| শুক্রবার (১৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে|
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শরিফুল ইসলাম তার ছেলে নুরুজ্জামানকে নিয়ে বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন| কাজের একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়| একপর্যায়ে উত্তেজিত হয়ে শরিফুল ইসলাম হাতে থাকা শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন| এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়| পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়|
ঘটনার খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতা শরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়|
নিহত নুরুজ্জামান পার্শ্ববর্তী আজিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল| পাশাপাশি সে মৌলভীডাঙ্গা বাজারের একটি মুদির দোকানে কাজ করত|
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পিতাকে আটক করেছে| এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

