
মোঃ জাহিদ হোসেন জিমু
‘গাছ লাগাবে পঁচিশ কোটি, সবুজ হবে দেশের মাটি’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলা ছাত্রদলের উদ্যোগে গাইবান্ধায় শুরু হয়েছে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচি। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) দুপুর ২টায় গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরকারি কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়।
এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গাইবান্ধা জেলার ৮১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ করা এবং শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু এবং গাইবান্ধা শহর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক।
গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সরকার শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল।
বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রসারে এই উদ্যোগটি প্রশংসনীয়। জেলা ছাত্রদলের এই মহতী কার্যক্রম গাইবান্ধার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সফলভাবে বাস্তবায়িত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

