
মোহাম্মদ আলী ভূঁইয়া নিকলী ,
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ফল ব্যবসার আড়ালে অভিনব পন্থায় মাদক পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গ্রাম পুলিশ ও স্থানীয় জনতা। আজ সোমবার উপজেলার ছাতিরচর ইউনিয়নের বাংলালিংক টাওয়ার সংলগ্ন মির্জালী পাড়া সড়ক থেকে তাদের দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে তাদের নিকলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— ছাতিরচর গ্রামের মৃত মমিন চৌধুরীর ছেলে বাদল মিয়া চৌধুরী (৩৬) এবং একই এলাকার মৃত কাসেম আলীর ছেলে হীরা মিয়া (৫২)।
যেভাবে ধরা পড়ল মাদকের চালান
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতিরচর এলাকায় কাঁঠাল ব্যবসার আড়ালে নৌকায় করে মাদকের বড় বড় চালান নিয়ে আসা হচ্ছিল। আজ সকালেও অভিনব এই কায়দায় কাঁঠালের চালানের ভেতরে লুকিয়ে গাঁজা নিয়ে আসা হয় ছাতিরচর গ্রামে। তবে গোপন সূত্রে বিষয়টি টের পেয়ে যান স্থানীয় সচেতন নাগরিক ও গ্রাম পুলিশ সদস্যরা।
নৌকা থেকে কাঁঠাল নামিয়ে যখন মির্জালী পাড়া সড়ক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই গ্রাম পুলিশ ও স্থানীয় জনতা মিলে গতিরোধ করেন। পরে তল্লাশি চালিয়ে কাঁঠালের আড়াল থেকে ২ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় বাদল মিয়া ও হীরা মিয়াকে।
এলাকায় স্বস্তি, পুলিশ যা বলছে
স্থানীয়দের দাবি, গ্রেপ্তার বাদল মিয়া চৌধুরী এলাকার একজন চিহ্নিত এবং আলোচিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে নানা কৌশলে এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছিল। এই দুই মাদক কারবারি গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে।
নিকলী থানার ডিউটি অফিসার এএসআই আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“গ্রাম পুলিশ ও সচেতন জনতার সহযোগিতায় দুই কেজি গাঁজাসহ দুই আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সাথে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের (চালান) প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। এই চালানের পেছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

