বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী ৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য এ নির্বাচনের জন্য ২৯টি পদের বিপরীতে মোট ১৯টি মনোনয়নপত্র জমা পড়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুর কায়েস সবুজ এবং সদস্য অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা ও অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম। নির্ধারিত সময় শেষে মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম সমাপ্ত করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, সভাপতি পদে ১টি, পাঁচটি সহ-সভাপতি পদের বিপরীতে ৪টি, সাধারণ সম্পাদক পদে ২টি, দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের বিপরীতে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সাংগঠনিক সম্পাদক পদে ১টি, প্রচার সম্পাদক পদে ১টি, কৃষি ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১টি এবং ১৪টি কার্যকরী সদস্য পদের বিপরীতে ৭টি মনোনয়নপত্র জমা পড়েছে। তবে সহ-সাংগঠনিক সম্পাদক পদে কোনো মনোনয়নপত্র জমা পড়েনি।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুর কায়েস সবুজ বলেন, নির্ধারিত সময় বিকাল ৪টার পর কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে এলেও সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তা গ্রহণ করা হয়নি। তিনি জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।
মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে সভাপতি পদে আলহাজ ফরহাদ হোসেন খান, সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ নাসের রানা ও মোজাহিদুল ইসলাম দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোশারফ হোসেন তালুকদার মুন্না , সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম রোকনী, প্রচার সম্পাদক পদে দুলাল হোসেন এবং কার্যকরী সদস্য পদে আব্দুল মোমিন, শ্রী লক্ষ্মণ চন্দ্র, তানভীর, আলাউদ্দিন, হামিদুল ইসলাম ও রনি তালুকদার উল্লেখযোগ্য।