
খ,ম, আরিফুল ইসলাম :
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে সুমন শিকদার ও শুভ শিকদার নামে দুই সহোদরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক দুইজন উপজেলার গড়গোবিন্দপুর ইউনিয়নের ময়দাচালা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

