
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় নিখোঁজ এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিণটানা রেলব্রিজ সংলগ্ন ‘বুলু ওয়েল আবাসিক এলাকা’র মুরাদ মোল্লার বাড়ির ভেতর থেকে মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মারুফ নামের ওই ইজিবাইক চালক প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হয়েছিলেন। আটক দম্পতির মধ্যে পারিবারিক কলহ ছিল নিত্যদিনের ঘটনা। সোমবার সকালে স্বামী মুরাদ মোল্লা স্ত্রী ফাল্গুনী খাতুনকে মারধর করলে ক্ষুব্ধ হয়ে ফাল্গুনী থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগের একপর্যায়ে তিনি পুলিশকে জানান যে, তার স্বামী মারুফ নামের এক ইজিবাইক চালককে হত্যা করে বাড়ির আঙিনায় পুঁতে রেখেছেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত রমজান মাসের শুরুতে ভাড়ায় যাওয়ার কথা বলে ইজিবাইক চালক মারুফকে ওই বাড়িতে ডেকে আনা হয়। এরপর তাকে ইজিবাইকে বসা অবস্থায় পেছন থেকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর নিহতের ইজিবাইকটি ভেঙে বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করে দেওয়া হয়েছিল।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন মিলন জানান, আটক দম্পতির স্বীকারোক্তি অনুযায়ী নির্দিষ্ট স্থান খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এর সাথে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

