
মোঃ পারভেজ, পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষে ও নির্দেশনায় পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রকৌশলী মোঃ রেজাউল হায়াত খান। তাঁর উদ্যোগে রোববার (১২ জুলাই) দিনব্যাপী বড়লিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ২৫০ থেকে ৩০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ব্যবসায়িক কাজে রাজধানী ঢাকায় অবস্থান করায় তিনি সরাসরি উপস্থিত থাকতে না পারলেও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং যুবকদের সহযোগিতায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বলেন, “মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের পক্ষে প্রকৌশলী রেজাউল হায়াত খানের উদ্যোগে এ দুর্যোগের সময় আমাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। এজন্য তাঁকে অসংখ্য ধন্যবাদ। দীর্ঘ ১৭ বছর ধরে এভাবে কেউ আমাদের খোঁজখবর নেয়নি। আমরা বড়লিয়াবাসী এমন নেতৃত্বই চাই, যারা সুখে-দুঃখে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং দুর্যোগের সময় মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।”
মুঠোফোনে যোগাযোগ করা হলে প্রকৌশলী মোঃ রেজাউল হায়াত খান বলেন, “এমন সংকটময় সময়ে এলাকায় থাকতে না পারায় নিজেকে অপরাধী মনে হচ্ছে। জরুরি ব্যবসায়িক বৈঠকের কারণে ঢাকায় থাকতে হয়েছে। এটি কোনো লোক দেখানো কার্যক্রম নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক কর্মকাণ্ডকে রাজনৈতিকভাবে নয়, জনসচেতনতা তৈরির অংশ হিসেবে প্রচার করা উচিত।”
তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের দিকনির্দেশনায় পটিয়ার বন্যার্ত মানুষের পাশে যেভাবে নেতাকর্মীরা কাজ করছেন, তারই অনুপ্রেরণায় আমি আমার ইউনিয়নের মানুষের জন্য সামান্য সহযোগিতার হাত বাড়িয়েছি।”
তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া কামনা করেন, যেন ভবিষ্যতেও আরও ব্যাপকভাবে মানুষের সেবা করার তৌফিক লাভ করেন। একই সঙ্গে এ কার্যক্রম সফল করতে সহযোগিতা করায় স্থানীয় নেতৃবৃন্দ ও যুবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, পটিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান মায়া, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী দুলাল, বড়লিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, সাবেক দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য নাজিম উদ্দিন, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য নুর রশিদ সুজন, বড়লিয়া ইউনিয়ন যুবদল নেতা খোরশেদ আলম মানিক, বড়লিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক শফিউল আলম, পটিয়া উপজেলা কৃষক দলের সদস্য মামুন, ছাত্রদল নেতা সাকিব, বড়লিয়া ইউনিয়ন কৃষক দল নেতা মোজাম্মেল, যুবদল নেতা শওকত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল, বক্করসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

