
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ, সাইবার সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, দিনাজপুরের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর।
সভায় পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এর অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য নানামুখী ঝুঁকি সৃষ্টি করতে পারে। তাই সাইবার সুরক্ষা আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত তথ্য ও অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, টু-স্টেপ ভেরিফিকেশন (Two-Step Verification) চালু রাখা এবং অচেনা বা সন্দেহজনক ফিশিং লিংক থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
অভিভাবকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, শিশু-কিশোরদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন করে তুলতে হবে এবং প্রযুক্তির নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার শেখাতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষেত্রে সন্তানদের শারীরিক বা মানসিকভাবে শাস্তি না দিয়ে ধৈর্যের সঙ্গে বিষয়টি বুঝিয়ে তাদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করতে হবে। গুজব, বিভ্রান্তিকর তথ্য কিংবা উসকানিমূলক কোনো বিষয় যাচাই-বাছাই ছাড়া প্রচার করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। প্রযুক্তি ব্যবহারে সচেতনতা, দায়িত্ববোধ এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ, ইতিবাচক ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ বিনির্মাণে সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রকাশক: দৈনিক জনজাগরণ
প্রতিবেদক: মো. মাহফিজুল ইসলাম মাসুম
পদবি: দিনাজপুর জেলা প্রতিনিধি
প্রকাশের তারিখ: ১২ জুলাই ২০২৬
মোবাইল: ০১৭১২-৯১৪৩২৩

