
হামিদুর রহমান সবুজ ,
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিএনপি চাঁদাবাজি নয়, চাঁদাবাজদের পরিবর্তন চায়। এতদিন একদল যেভাবে খেয়েছে, এখন সেইভাবে খেতে চায় বিএনপি।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর স্কুল মাঠে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে মতলব উত্তর উপজেলা এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের অগ্রযাত্রার নেতৃত্ব দিতে পারে তরুণ প্রজন্ম। তিনি বলেন, তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। মুরুব্বিদের দেশের প্রতি অনেক দায়িত্ব রয়েছে, কিন্তু নানা পিছুটানের কারণে তারা অনেক সময় অনেক কিছু করতে পারেন না।
তিনি বলেন, আপনারা ২০২৪ সালের আন্দোলনে দেখেছেন, তরুণরা কীভাবে নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছে। তাই আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই। আমরা চাই আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার ও মেয়র পদে তরুণরা প্রতিদ্বন্দ্বিতা করুক।
দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে হবে। মাদক সম্রাটদের বিরুদ্ধে অনেক রাজনীতিবিদ কার্যকর পদক্ষেপ নেন না। একইভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ও তারা নীরব থাকেন বলে অভিযোগ করেন তিনি।
মতলব উত্তর উপজেলা এনসিপির আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন চাঁদপুর জেলা এনসিপির সদস্য সচিব আমানুল্লা পাটওয়ারী ও ইদ্রিস আলী।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব, জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বক্কর মজুমদার, মহিউদ্দিন রনি, কুমিল্লা বিভাগের যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম, জাতীয় যুব শক্তির সভাপতি তরিকুল ইসলাম, চাঁদপুর জেলা এনসিপির সভাপতি মাহবুব আলম, মতলব উত্তর উপজেলা এনসিপির সদস্য সচিব ইমাদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

