
মাসুম বিল্লাহ-খুলনা :
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও মাসব্যাপী খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানের আগে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে এসে শেষ হয়।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেডিএ’র চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা, খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এবং খুলনা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় সরকারি প্রতিষ্ঠানের ৫টি স্টলসহ মোট ৬২টি স্টল অংশগ্রহণ করছে। মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলজ, বনজ, ভেষজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা পাওয়া যাচ্ছে।
মেলাটি সরকারি ছুটির দিনসহ প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলা প্রাঙ্গণে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে এবং পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।
উল্লেখ্য, বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন সংবাদের ওপর ভিত্তি করে সেরা রিপোর্টিংয়ের জন্য স্থানীয় পত্রিকা, জাতীয় পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

