
মোহাম্মদ আলী ভূঁইয়া নিকলী ,
জাতীয় স্তরের সাঁতারে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল নিকলী সুইমিং ক্লাবের সাঁতারুরা। ঢাকার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা ২০২৬-এ অসাধারণ সাফল্য পেয়েছেন কিশোরগঞ্জের নিকলীর তরুণ সাঁতারু মোঃ নাদিমুল হক।
প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় ইভেন্ট ১৮-২০ বছর যুব গ্রুপের ১০০ মিটার বুক সাঁতারে (ব্রেস্টস্ট্রোক) দেশের অন্যান্য প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান তথা স্বর্ণপদক অর্জন করেছেন তিনি।
নাদিমুলের এই সাফল্যে নিকলী উপজেলা ক্রীড়াঙ্গনসহ পুরো জেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয় ক্রীড়ামোদী ও সাঁতার সংশ্লিষ্টরা বলছেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নাদিমুলের এই অর্জন প্রমাণ করে যে সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে নিকলীর সাঁতারুরা আন্তর্জাতিক অঙ্গনেও দেশের নাম উজ্জ্বল করতে সক্ষম।
নিকলী সুইমিং ক্লাবের পক্ষ থেকে নাদিমুল হক ও তার কোচকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, এই জয় ক্লাবের বাকি সাঁতারুদের আরও বেশি অনুপ্রাণিত করবে। আগামীতে এই ক্লাব থেকে আরও দক্ষ সাঁতারু তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

