
মোহাম্মদ আলী ভূঁইয়া,
কিশোরগঞ্জের নিকলী হাওরের বানের পানিতে গোসলে নেমে শফিকুল ইসলাম তুলু (২৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার দামপাড়া ইউনিয়নের কাঁঠালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শফিকুল ইসলাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে বন্ধুদের একটি দলের সাথে নিকলী হাওরে নৌকা ভ্রমণে আসেন শফিকুল। দুপুর আনুমানিক পৌনে ২টা থেকে ২টার মধ্যে তিনি কাঁঠালিয়া এলাকায় হাওরের পানিতে গোসল করার উদ্দেশ্যে নৌকা থেকে ঝাঁপ দেন। এ সময় হাওরের তীব্র স্রোতের টানে তিনি মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যান। তাঁর সাথে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়েও ব্যর্থ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস জানায়, পর্যটক নিখোঁজের সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভৈরব স্টেশনের একটি চৌকস ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। ডুবুরিরা স্থানীয়দের সহায়তায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় উদ্ধার তৎপরতা পরিচালনা করেন। তবে হাওরের প্রবল স্রোত ও চারপাশ অন্ধকার হয়ে আসায় রাত ৭টা ৪৫ মিনিটে প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করা হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ পর্যটকের সন্ধানে আজ শনিবার (১১ জুলাই) সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।
এদিকে আনন্দভ্রমণে এসে মর্মান্তিক এই দুর্ঘটনার পর নিখোঁজের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।

