
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
মাদক নিয়ন্ত্রণের প্রথম ও প্রধান শর্ত হলো সরকারের আন্তরিকতা, কার্যকর ও ধারাবাহিক উদ্যোগ।
বাস্তবতা হলো, অধিকাংশ মাদক আমাদের দেশে উৎপাদিত হয় না, সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে। তাহলে প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ মাদক কীভাবে দেশের ভেতরে প্রবেশ করছে? সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা, সংশ্লিষ্ট বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত জনবল বৃদ্ধি-এসব কি এখন সময়ের দাবি নয়?
একইভাবে ঘুমন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও কার্যকর, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। অনেকের কাছেই সংস্থাটির কার্যক্রম দৃশ্যমান নয়। একটি জাতীয় সংকট মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কখনো নিষ্ক্রিয় থাকার কোন সুযোগ নেই।
আরও উদ্বেগের বিষয়, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের পেছনে কারা রয়েছে-এ নিয়ে সমাজে নানা প্রশ্ন রয়েছে। এসব অপরাধচক্রের নেপথ্যের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না গেলে শুধু মাঠপর্যায়ের অভিযান দিয়ে স্থায়ী সমাধান আসবে না।

