
নিজস্ব প্রতিনিধি,
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীদের জন্য যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’। মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে স্বাস্থ্যসম্মত খাবার, আধুনিক সুবিধা ও পারিবারিক বিনোদনের সমন্বয়ে এই হাইওয়ে সার্ভিস কমপ্লেক্স নির্মিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে কমপ্লেক্সটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী ড. মুহাম্মদ আব্দুল মান্নান সরকার। প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মো. রোকন-উদ-দৌলা।
বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও আন্তর্জাতিক পর্যটনবিষয়ক সাময়িকী ‘ভ্রমণ’-এর সম্পাদক আবু সুফিয়ান, কবি মোহাম্মদ কামরুজ্জামান তরুণ এবং ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর ‘নাতি’ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত শওকত আলী তালুকদার নিপু।
প্রধান অতিথির বক্তব্যে রোকন-উদ-দৌলা বলেন, ‘দেশের মহাসড়কগুলোতে নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত সেবাকেন্দ্র গড়ে তোলা সময়ের দাবি। ন্যাচার লাউঞ্জ সেই প্রয়োজন পূরণে একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ। এখানে প্রকৃতি, স্বাস্থ্যসম্মত খাবার, বিশ্রাম ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয় ঘটানো হয়েছে।’
আব্দুল মান্নান সরকার বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু খাবার পরিবেশন নয়, বরং মানুষকে একটি নির্মল, স্বাস্থ্যকর ও পরিবারবান্ধব পরিবেশ উপহার দেওয়া। ন্যাচার লাউঞ্জে ভ্রমণকারীরা নিরাপদ ও মানসম্মত খাবারের পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে স্বস্তির সময় কাটাতে পারবেন।’
সংশ্লিষ্টরা জানান, ন্যাচার লাউঞ্জে রয়েছে শত শত দেশি-বিদেশি গাছপালা, ২১টি দৃষ্টিনন্দন অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের সমাহার ও সবুজ পরিবেশ। রয়েছে দেশি-বিদেশি স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা, কিডস জোন, জিম কর্নার, মেশিন ম্যাসাজ জোন ও নামাজের ব্যবস্থা।
এই কমপ্লেক্সে শাহ শের আলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন ছাড়াও অনন্যা মার্ট, জামে মসজিদ, পার্কিং স্পেস এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় নানা সুবিধাও রয়েছে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

