
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধা সদর উপজেলার ধানঘড়া বিসিক শিল্পনগরী এলাকায় একটি কয়েল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টা ৪১ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দীর্ঘ ১ ঘণ্টা ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ফ্যাক্টরিটি।
গাইবান্ধা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৩টা ৪১ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছানোর পর ফায়ার সার্ভিস কর্মীরা দেখতে পান যে, একটি ২০ ফুট বাই ৩৫ ফুটের টিনশেড পাকা ঘরের ভেতরে কয়েল শুকানোর ড্রায়ার রুমে আগুন লেগেছে এবং চারদিকে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
অগ্নি নির্বাপক কর্মীরা তাৎক্ষণিকভাবে ব্রিদিং অ্যাপারেটাস (BA) পরিধান করে ভেতরে প্রবেশ করেন এবং প্রথম কল পানিবাহী গাড়ি, স্মোক ইজেক্টর ও টু হাটসু পাম্প ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু করেন। টানা চেষ্টার পর ভোর ৪টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ৫টা ১৭ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ সম্ভব হয়।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে উদ্ধার অভিযান পরিচালিত হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে অতিরিক্ত তাপের কারণে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফ্যাক্টরির মালিক সামিউল হুদা সুমেল জানান, ফায়ার সার্ভিসের সময়োচিত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে প্রতিষ্ঠানটি রক্ষা পেয়েছে।

