
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়ার সরঞ্জামসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টার দিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি টিনশেড ঘরের ভেতরে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আমানুল ইসলাম (২৬), পিতা: আব্দুল হেকিম; মো. হানিফ (৩৮), পিতা: মো. জহাবের শেখ; মো. ফজলুর রহমান (৩৮), পিতা: মো. আব্দুর রাজ্জাক; মো. আজাহার সরদার (৩৫), পিতা: মো. আকবর সরদার; মো. মাহবুবুর হাসান (৪০), পিতা: মৃত জব্বার প্রামাণিক; মো. হাবিব প্রাং (৫২), পিতা: মৃত খুশি প্রাং এবং মো. মিলন মিয়া (৩০), পিতা: মো. বজলু উদ্দিন। তাদের সকলের বাড়ি পাবনা সদর উপজেলার মির্জাপুর এলাকায়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫টি জুয়ার বোর্ড (তাস খেলার সেট), ৩৩টি প্লেয়িং কার্ড এবং নগদ ১৯ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট, ১৮৬৭-এর সংশ্লিষ্ট ধারায় পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া, মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

