
দুজনই বিবাহিত, তবুও একে অপরকে বিয়ে করতে চান, বিদেশফেরত নারীর বিয়ের দাবিতে বক্কর হোসেনের বাড়িতে অবস্থান
দীপক শর্মা
ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেওয়ারীগাঁও এলাকায় এক বিবাহিত নারী বিয়ের দাবিতে এক বিবাহিত পুরুষের বাড়িতে অবস্থান নেওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বক্কর হোসেন নামের ওই ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল বলে দাবি করা হচ্ছে। বিয়ের দাবিতে আসা নারীর অভিযোগ, বিদেশে অবস্থানকালে তিনি বক্কর হোসেনকে বিভিন্ন সময়ে আর্থিক সহযোগিতা করেছেন এবং তাদের মধ্যে বিয়ের বিষয়ে পারস্পরিক সমঝোতা ছিল।
নারীর দাবি, সম্প্রতি বক্কর হোসেন বিয়ের বিষয়ে অনীহা প্রকাশ করলে তিনি বাধ্য হয়ে তাঁর বাড়িতে এসে অবস্থান নেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় এবং ঘটনাটি নিয়ে শুখানপুকুরী এলাকায় ব্যাপক কৌতূহল দেখা দেয়।
এদিকে, ঘটনাটি মীমাংসার নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

