
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল,
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ৫ থেকে ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রামের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করলেও বছরের পর বছর এটি সংস্কারের অপেক্ষায় রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, কাদা ও ধুলার কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বর্ষায় হাঁটাও কষ্টকর হয়ে পড়ে। কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো টেকসই কোনো সংস্কার হয়নি। ফলে এলাকার হাজারো মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসিত মিয়া বলেন, প্রাথমিকভাবে ইট ও বালু ফেলে সড়কটি চলাচলের উপযোগী করা হবে। একই সঙ্গে এলজিইডির আওতায় স্থায়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে উপজেলা এলজিইডির প্রকৌশলী প্রিতম শিকদার জয় বলেন, উন্নয়ন প্রকল্পটি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত পাকাকরণের কাজ শুরু হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটাতে দ্রুত সড়ক উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে।

