
হুমায়ুন কবির
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকের মূল আলোচ্য বিষয়সমূহ:-
১/ প্রতিরক্ষা ও সামরিক প্রশিক্ষণ:- বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
২/ সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন: বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
৩/ বিশ্বশান্তি ও নিরাপত্তা:_ জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে উভয় দেশের অসামান্য অবদানের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত ও প্রতিরক্ষা উপদেষ্টা আগামী দিনে বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।
বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টা ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ ইতালির সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে।”
অন্যদিকে, ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর ও নিবিড় হবে।

