
রফিকুজ্জামান সিজার, কুষ্টিয়া:
কুষ্টিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কাউন্সিলর পদপ্রার্থীদের সাথে জামায়াতের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া শহর জামায়াতে ইসলামীর স্থানীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মাওলানা মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।
এছাড়া বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারী ও কুষ্টিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার এবং কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোমিন বিশ্বাস।
কুষ্টিয়া পৌর নির্বাচনের জন্য জামায়াতে ইসলামী মনোনীত সকল কাউন্সিলর প্রার্থী ও মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত প্রার্থী ও নেতাকর্মীরা নির্বাচনী কৌশল এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় কাউন্সিলরবৃন্দ সবাই নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় জোর দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, কুষ্টিয়া পৌরসভাকে একটি মডেল ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে জামায়াত মনোনীত প্রার্থীদের বিকল্প নেই। জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করার কোনো বিকল্প নেই।

