
মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধায় ‘জাফলং চাইনিজ রেস্টুরেন্ট’-এ পরিকল্পিত অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান গেটের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন ও সমাবেশে ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি জাফলং চাইনিজ রেস্টুরেন্টে অত্যন্ত পরিকল্পিতভাবে আগুন দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। অগ্নিসংযোগের পাশাপাশি রেস্টুরেন্টের মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুট করা হয়েছে। এই ঘটনায় রেস্টুরেন্টের মালিকপক্ষ যেমন বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তেমনি স্থানীয় ব্যবসায়ীদের মাঝেও চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মামলার পর অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাইবান্ধার মাননীয় জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, জনমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসনের প্রতি আস্থা অটুট রাখতে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। এছাড়া, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট বিশেষ দাবি জানানো হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, অপরাধীরা ধরা পড়লে সমাজে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

