
আল মুজাহিদ
যশোর শহরের বড় বাজার এলাকার এইচ এম এম রোডে অবস্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুটি দানবাক্স ও একটি প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।
মন্দির কমিটি ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো এক সময় চোরচক্র মন্দিরের ছাদের সিঁড়িঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা নিরাপত্তার জন্য স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে আলামত নষ্টের চেষ্টা চালায়। পরে মন্দিরে থাকা দুটি দানবাক্স এবং একটি প্রণামী বাক্স ভেঙে ভেতরে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
মন্দির কমিটির প্রাথমিক ধারণা, দুটি দানবাক্সে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা এবং প্রণামী বাক্সে আরও ৫ থেকে ১০ হাজার টাকা ছিল। সকালে মন্দিরের দায়িত্বরত ব্যক্তিরা ঘটনাটি টের পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে মন্দিরের ছাদে তিনটি খালি বাক্স পড়ে থাকতে দেখেন।
মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়দের সঙ্গে আলোচনা করে রোববার দুপুরে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে মন্দির কমিটির সভাপতি শ্যামল ঘোষ বাদী হয়েছেন। ঘটনার সাক্ষী হিসেবে বিকাশ চন্দ্র ঘোষ, দীপ্ত রায়সহ স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুট হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্দিরে সংঘটিত এই চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং চুরি হওয়া অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

