
নিজস্ব প্রতিনিধি,
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তীক গোস্বামী রঙ্গন নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭) উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর ছেলে। তিনি ধনতলা রেয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে পাগলাপীর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রঙ্গন। শাহপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সূত্র : আমাদের সময়

