
আফতাবুল ইসলাম মেহরাব
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ফারুক-ই-আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসায় “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা ২০২৬” উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার সুপার, সহকারী সুপার, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।
বৃক্ষরোপণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণ, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং শিক্ষার্থীদের করণীয় বিষয়ে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

