
মাসুম বিল্লাহ-খুলনা :
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের বর্তমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ নাসিমুল গনি। শনিবার (৪ জুলাই) সরকারি ছুটির দিনে তিনি বিশেষ সফরে খুলনায় পৌঁছান।
পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব প্রকল্পের প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজের কাজ পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি প্রকল্প সংশ্লিষ্ট এলাকাবাসী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে তাদের ভোগান্তির কথা শোনেন।
গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না দিয়ে তা ফেরত পাঠান। দীর্ঘ ১৩ বছর ধরে ঝুলে থাকা এই প্রকল্পের অস্বাভাবিক বিলম্ব ও ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। একই সাথে, প্রধানমন্ত্রী পুরো বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কঠোর নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিবের সাথে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, আইএমইডি’র সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, কেডিএ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে খুলনায় পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব মোঃ নাসিমুল গনিকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এসএম শফিকুল আলম মনা।

