
মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় প্রধান আসামি হাসানুজ্জামান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুন বিকেলে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এই হামলায় সোহরাব সরদার ও আলামিনসহ অন্তত তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলেও, অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত পর্যায়ে অন্যান্য আসামিদের মধ্যে ৫ জন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম জানান, “প্রধান আসামি সুমনকে গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে নতুন গতি এসেছে। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, “আমরা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ তৎপর রয়েছি। কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। পলাতক অন্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এলাকাবাসীর ভাষ্যমতে, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

