
বিশেষ প্রতিনিধি:
সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পুলিশ সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৩ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইন্স প্লে-গ্রাউন্ডে অনুষ্ঠিত রোমাঞ্চকর এ ফাইনাল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জার্মানি সমর্থক দল।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
খেলা শেষে পুলিশ সুপার বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টা, শৃঙ্খলা, দলগত চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করেন। পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, মানসিক উৎকর্ষ এবং পেশাগত দক্ষতা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) এ.এস.এম. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আমিনুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাত, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজাসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ ফাইনাল ম্যাচে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

