
মোঃ মোনাহার মিয়া
প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের মানসিক বিকাশ, বাস্তব জ্ঞান অর্জন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে দুর্বার যুব সমাজসেবা সমিতি (ডিজেএসএস)।
সংগঠনটির নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেয় এবং প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।
সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে ১৯৮৯ সালে তবে শিক্ষা কার্যক্রমের কাজ ২০২১ সাল থেকে যাত্রা শুরু হয়েছে।২০২১ সালে প্রতিষ্ঠিত দুর্বার যুব সমাজসেবা সমিতি (ডিজেএসএস) শুরু থেকেই শিক্ষা, মানবিক উন্নয়ন ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে সংগঠনটির শিক্ষা কার্যক্রম বর্তমানে প্রশংসিত হচ্ছে। বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের শিক্ষার আওতায় আনতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ডিজেএসএস-এর উদ্যোগে পরিচালিত শিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি স্বল্প খরচে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। ফলে অনেক দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান নিয়মিত শিক্ষার সুযোগ পাচ্ছে।
সংগঠনের কর্মকর্তারা জানান, এমন অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে শিক্ষার পর্যাপ্ত সুযোগ-সুবিধা এখনো পৌঁছেনি। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় অনেক শিশুই বিদ্যালয়মুখী হতে পারে না। এসব অজপাড়াগাঁয়ে শিক্ষার আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে দুর্বার যুব সমাজসেবা সমিতি।
শিক্ষা সফরের অন্যতম উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের একঘেয়ে পাঠদান পদ্ধতির বাইরে নিয়ে গিয়ে আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণে উৎসাহিত করা। সফরের বিভিন্ন পর্যায়ে শিক্ষার্থীরা দলীয় কার্যক্রম, শিক্ষামূলক আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। এতে তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক মূল্যবোধ বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।
শিক্ষা সফরের অংশ হিসেবে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পৃথিবী গঠনে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।
দুর্বার যুব সমাজসেবা সমিতির নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, বরং একজন আদর্শ, সচেতন ও মানবিক নাগরিক গড়ে তোলা। শিক্ষার্থীদের বইয়ের গণ্ডির বাইরে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে আমরা শিক্ষা সফরের আয়োজন করেছি। একই সঙ্গে পরিবেশ রক্ষায় তাদের উদ্বুদ্ধ করতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ডিজেএসএস শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, শিক্ষা সফর, বৃক্ষরোপণ এবং শিক্ষাবান্ধব কার্যক্রম শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার বিস্তারে ডিজেএসএসের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।

