
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল
মেয়ের বিয়ের খরচের জন্য লালন-পালন করা তিনটি গরু চুরির অভিযোগ এনে নিজের ভাতিজার বিরুদ্ধে মামলা করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক ব্যক্তি।
মামলার বাদী মবশ্বির মিয়ার অভিযোগ, মনোহরপুর গ্রামে তার বাড়ি থেকে গত ২৮ জুন গভীর রাতে তিনটি গরু নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তিনি ভাতিজা কবির আলী ও গাড়িচালক জামাল মিয়াকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।
বাদীর দাবি, সিসিটিভি ফুটেজে ঘটনাটি দেখা গেছে এবং অভিযুক্তকে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। চুরি হওয়া গরুগুলোর মূল্য প্রায় তিন লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
অভিযুক্তের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

