
মাসুম বিল্লাহ,
খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হাসান শেখ ওরফে বিহারী হাসান (৬৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত সোয়া ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার চার-পাঁচ দিন আগে হাসানের বাড়িতে ভ্যানযোগে কয়েকজন অতিথি আসেন। অতিথিরা বাড়ির ভেতরে থাকার সময় তাদের ব্যবহৃত ভ্যানটি চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় হাসান একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারী নামে একজনের নাম সন্দেহভাজন হিসেবে উল্লেখ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান জাবুসা চৌরাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় রাশেদসহ ৪-৫ জন ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা হাসানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়। ঢাকায় নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। নিহত হাসানের ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

