
পটিয়া প্রতিনিধি,
চট্টগ্রামের পটিয়ায় একটি কবরস্থান থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকানসংলগ্ন কবরস্থান থেকে প্রায় ২৮ বছর বয়সী ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান।
উদ্ধারের সময় নারীর পাশে একটি বিষের বোতল পাওয়া যায়। এতে স্থানীয়দের ধারণা ছিল তিনি বিষপান করেছেন। তবে হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় বিষক্রিয়ার কোনো আলামত পাওয়া যায়নি। চিকিৎসকদের মতে, তার মুখ দিয়ে ফেনা ও মানববর্জ্য বের হলেও শরীরে বিষপানের লক্ষণ মেলেনি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য দেখা দিয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।
এদিকে, পরিচয় শনাক্ত না হওয়ায় পটিয়া পৌরসভা গাউছিয়া কমিটির মানবিক টিম চিকিৎসার দায়িত্ব নেয়। তবে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হলে ময়নাতদন্ত শেষে তার দাফনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মানবিক টিমের সদস্যসচিব মাওলানা মোহাম্মদ ইছহাক।
পটিয়া থানার এসআই সমীর ভট্টাচার্য বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

