
তাওহীদুল ইসলাম,
পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি নগদ অর্থ, টিন ও খাদ্যসামগ্রী প্রদান করেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং একটি বসতঘরের মালিককে প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেন। এছাড়া প্রত্যেককে দুই বান টিন এবং প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
পরিদর্শনকালে তিনি বলেন, “আপনাদের ক্ষতির তুলনায় আমাদের এই সহায়তা খুবই সামান্য। তবুও মানবিক দায়িত্ববোধ থেকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “সহযোগিতার ক্ষেত্রে আমরা দল-মত বিবেচনা করি না। ক্ষতিগ্রস্ত মানুষই আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয়। হিন্দু, মুসলিম কিংবা ভিন্ন রাজনৈতিক মতের মানুষ—যেই হোক না কেন, বিপদে পড়লে আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি।”
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে চরম দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এ সময়ে জনপ্রতিনিধির এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও প্রেরণা জুগিয়েছে। তারা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি ও সামাজিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল হোসেন, বগা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক মুজাহিদুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

