
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিল্লাত সরকার মিলন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজার ওপর হামলার অভিযোগে বুধবার (১ জুলাই) গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দায়ী করেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহত নেতাদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

